ডেস্ক রিপোর্ট : জার্মানিতে সবে গ্রীষ্মের শেষে হেমন্ত কাল শুরু হয়েছে৷ দিনের আলো কমছে, দ্রুত অন্ধকার ঘনিয়ে আসছে৷ সেইসঙ্গে বাড়ছে চোরের উপদ্রব৷ নানা ফন্দি এঁটে তারা মানুষকে বোকা বানিয়ে চলেছে৷ প্রথমে টেলিফোন কল৷ অপর প্রান্তে জার্মান ফেডারেল অপরাধ দমন দপ্তরের অফিসার৷ গম্ভীর কণ্ঠে বলছেন, দিনকাল খুব খারাপ৷ তাঁরা ডাকাতির ষড়যন্ত্রের সুনির্দিষ্ট খবর পেয়েছেন৷ নিরাপত্তার খাতিরে তাই বাড়িতে গয়নাগাটি রাখা চলবে না৷
কোলোন শহরের পুলিশ সম্প্রতি এমন দুটি ঘটনার আলোকে নড়েচড়ে বসেছে৷ এমন জোচ্চুরির শিকার হয়েছেন ৮১ বছরের এক বৃদ্ধা৷ পুলিশের ছদ্মবেশে এক চোর নিজে এসে তাঁর গয়নাগাটি নিয়ে গেছে৷ এক ৬১ বছরের নারীর ক্ষেত্রে বিষয়টা আরও অদ্ভূত৷ টেলিফোনে তাঁকে বলা হয়েছিল, গয়নাগাটি প্যাকেটে মুড়ে দরজার সামনে রাখতে৷ কারণ ডাকাতরা এলো বলে! দুজনেই সরল বিশ্বাসে কথামতো কাজ করেছেন৷
মানুষকে বোকা বানানো এতই সহজ! এই দুটি ক্ষেত্রে অবশ্য চোরেদের কৃতিত্বও মানতেই হবে৷ আসলে জার্মানিতে পুলিশের টেলিফোন নম্বর ১১০৷ মানুষজন পুলিশকে এই নম্বরেই ফোন করেন৷ জোচ্চোররা ফোন করলে গৃহস্থের টেলিফোনে ফুটে উঠছে ১১০৷ অবশ্যই এর পেছনে রয়েছে চালাকি৷ কিন্তু এমন নম্বর দেখে চট করে বিশ্বাস জন্মাতেই পারে৷ পুলিশের পক্ষ থেকে তাই এক নির্দেশিকা দেয়া হয়েছে৷ তবে চোরেরাও কি সহজে দমে যাবে! অন্য উপায়ে তারা তাদের চেষ্টা চালিয়ে যেতে পারে৷ অতএব সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নেই৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন